শালিখায় ১৭ ও ২৬ মার্চ উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা

দেশের খবর

বক্তব্য রাখছেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার
এই সময় ডেস্ক :
মাগুরা জেলার শালিখা উপজেলায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর মাষ্টার, শালিখা প্রেক্লাবের সভাপতি সরদার ফারুক আহমদ এবং শালিখা থানা অফিসার ইনচার্জ তারীকুল ইসলাম।
এছাড়া শালিখা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, উপজেলা অফিসসমূহের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও আড়পাড়া বাজার বণিক সমিতির প্রতিনিধিগণ এ সভায় উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক এ সভায় জনপ্রতিনিধি হিসেবে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান উপস্থিত না থাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর মাষ্টার ক্ষোভ প্রকাশ করে বলেন 'অধিকাংশ সময় জাতীয় অনুষ্ঠানগুলোর প্রস্তুতিমূলক সভায় জনপ্রতিনিধিদের উপস্থিত হতে দেখা যায় না। অথচ জাতীয় অনুষ্ঠানে মঞ্চে বসার জন্য কাড়াকাড়ি লেগে যায়। আমরা মুক্তিযোদ্ধারা এ ধরনের অনভিপ্রেত ঘটনা আশা করি না।'

Comments