শালিখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

দেশের খবর

এই সময় ডেস্ক :
মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বকর মাস্টার, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ প্রমুখ জাতির জনকের বর্ণাঢ্য জীবন তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার ও ২৯ জন যুবক যুবতীদের মাঝে মোট ১২ লাখ ৮০ হাজার টাকা যুবঋণ বিতরণ করা হয়।

Comments