মাল্টার ফুলে সাইদুলের হাসি

ফিচার

হিমাংশু দেব বর্মণ

মাল্টা চাষি সাইদুল ইসলাম
চলতে পথে দেখা ও কথা হলো মাল্টা চাষি সাইদুল ইসলাম মোল্লার সঙ্গে। মাগুরা জেলার শালিখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভাটোয়াইল গ্রামে তার বাড়ি। বাড়ির পাশেই ৮০ শতাংশ জমিতে তিনি মাল্টা লেবুর চাষ করেছেন।
তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত কয়েক বছর আগে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আধুনিক পদ্ধতিতে চাষ প্রণালীর ওপর প্রশিক্ষণ নিতে যান। সেখানে মাল্টা চাষের বিষয়টিও ছিল। সেই প্রশিক্ষণের আলোচনা থেকে তার মনে মাল্টা চাষের আগ্রহ জাগে।
এরপর তিনি সুস্থ ও সবল চারা পাওয়ার জন্য মাগুরা হর্টিকালচারে যান। সেখান থেকে তিনি এখন থেকে ১৪ মাস আগে ৩৬৫টি মাল্টা চারা সংগ্রহ করেন। বর্তমানে তার বাগানে ৩৫০টি মাল্টার গাছ আছে। সে গাছগুলোতে এখন ফুল আসতে শুরু করেছে।
এ মাল্টা বাগনের চারপাশ দিয়ে আছে থাই লেবু ও শিডলেস। সাইদুল ইসলাম বললেন এই শিডলেসের একটি বিশেষ গুণ আছে, তা হলো এর খোসা চিবিয়ে খেলে পেটের গ্যাস্ট্রিক থেকে তাৎক্ষণিক উপশম পাওয়া যায়।
১৪ মাস আগে থেকে চাষ শুরু করা মাল্টা বাগানের গাছগুলোতে ফুল আসতে দেখে হাসিতে ভরে উঠেছে সাইদুলের মুখ। তিনি আশা করছেন আর ৪ মাসের মধ্যে তার বাগানের গাছগুলোর দিকে তাকালে দেখা যাবে শুধু মাল্টা আর মাল্টা। সেই সঙ্গে তিনি স্বপ্নও দেখছেন সোনালী দিনের।
মাল্টা চাষের কাজে সাইদুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ড্রিম সেচ পদ্ধতিতে জলের অপচয় করতে হ্যান্ড শাওয়ার যন্ত্রটি পেয়েছেন। এজন্য তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানান।

Comments