শালিখায় ২ দিনের শিশুমেলার আজ শেষ দিনে উপচে পড়া ভিড়

দেশের খবর

এই সময় ডেস্ক : 
শিশুদের চেতনা বিকশিত ও সৃজনশীল কাজে অধিক মনযোগ সৃষ্টির লক্ষ্যে মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয় গতকাল মঙ্গলবার বেলা ১১টায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার ও মাগুরা জেলা তথ্য অফিসারের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। মেলার প্রথম দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলার প্রাথমিক পর্যায়ের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফ‚র্তভাবে এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।
এছাড়া এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠীগুলোর মধ্যে রাজবংশী ও বানিয়া সম্প্রদায়ের মধ্যকার ছাত্রছাত্রীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নৃ-তাত্বিক গোষ্ঠীর অনগ্রসরমান পরিবারের মধ্যে আয় বর্দ্ধক আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের মধ্যে মাছ ধরার জাল, ব্যাটারি চালিত ভ্যান গাড়ি, গৃহিণীদের সেলাই মেশিন ও তাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান এবং সেই সাথে প্রশিক্ষণকালীন যাতায়াত ভাড়া বাবদ প্রতিমাসে ১ হাজার টাকা প্রদানের নিশ্চয়তা দেয়া হয়। তবে এদিনে শালিখায় বসবাসরত নৃ-তাত্বিকদের মধ্যে মালো ও কর্মকার সম্প্রদায়ের কাউকে দেখা যায় নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব মোঃ আলী আকবর, বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জেন ডাঃ মুনশী মোঃ ছাদুল্লাহ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ রিয়াজুল আলম খান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু কুমারেশ চন্দ্র গাছি। সার্বিক তত্বাবধানে ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার।
মেলার প্রথম দিনে শিশু ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ দ্বিতীয় ও শেষ দিনের দুপুর বেলাতেও শিশুরা দলে দলে এসে মেলায় অংশ গ্রহণ করছে। নানা স্টলে ঘোরাফেরাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে মেলায় আগত শিশুরা।

Comments