দেখা হবে ফের বসন্তে

ফিচার

হিমাংশু দেব বর্মণ :
চৈত্রের শেষদিনে মিষ্টি কণ্ঠে গান গাইতে গাইতে চলে গেল একটি কোকিল। কদম, কৃষ্ণচূড়ার সহাবস্থানের একটি ডালে কিছুক্ষণ বসে জানিয়ে গেল সে কুহু তান নিয়ে আবার আসবে ফের বসন্তে। না, সে চলে যাবে না। এখন থেকে আগামী শীতের শেষ পর্যন্ত সে আমাদের মাঝে থাকবে অন্য কোন গান নিয়ে। যে অপরিচিত গানের জন্য আমরা তাকে চিনিও না। কেবল বসন্ত এলেই তাকে আমরা চিনতে পারি তার বিরহী সুরের কুহু-তান শুনে।
আসলে কোকিলের প্রসঙ্গ এলেই আমাদের মুখে আর মনে আসে বসন্তের কথা। শীতের শেষে বসন্তের আগমণী বার্তা শুনি আমরা কোকিলের মিষ্টি সুরের গানে। বসন্তের শেষ হলে বোশেখের দুপুরে রাতে কিছুদিন শোনা যায় কোকিলের এই মিষ্টি গান। তারপর আবার মিলিয়ে যায়। এ সময়ে আমরা মনে করি কোকিল আমাদের দেশ থেকে পালিয়েছে। চলে গেছে অন্য কোথাও। বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন।
সারাবছর কোকিল থাকে আমাদের মাঝে। এই সময়টাতে সে যে সুরে গান গায় তা হয়তো বেসুরো লাগে আমাদের কাছে। তাই সে গানের মধ্যে আমরা কোকিলকে খুঁজি না। মানুষের মনে দাগ কাটার মতো তেমন নয় সে গান। তাই আমরা অন্য পাঁচটি পাখির তালিকায় ধরে রাখি তাকে। সে আমাদের সামনে দিয়ে উড়ে, গান গেয়ে বেড়ালেও কোকিল বলে মনে করি না তাকে। এমনকি সারাবছর আমরা ভুলেই থাকি কোকিলের কথা।
গত বসন্তের মাঝামাঝি সময় পর্যন্তও আমি সরাসরি কোকিলের ডাক শুনতে পাইনি। একদিন আমার এক বন্ধু এটা জেনে কোকিলের ডাক রেকডিং করে পাঠিয়ে দিয়েছিল আমার ইমোতে। তারপর থেকে কয়েকদিন শুনেছি কোকিলের গান। সরাসরি দেখাও হয়েছে একেবারে বসন্তের বিদায়কালে।

Comments