আর মাত্র কয়েকদিন পর ধানে ভরবে উঠোন

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
ছবি : এই সময়
সবুজ ধানের শীষে সোনালী রং দেখা দিয়েছে। সোনালী ধানে সোনালী হাসি। সে হাসি ফুটে উঠতে শুরু করেছে গ্রাম বংলার চাষিদের মুখে। আর মাত্র কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে। চলছে চাষিদের সেই প্রস্তুতি।
বস্তুতঃ ধান কাটার আগেই শুরু হয়ে যায় কৃষকের ধান কাটার ব্যস্ততা। বাড়িতে বাড়িতে উঠোন পরিষ্কার করা, উঁচু নিচ থাকলে তা সমান করার কাজ করে চলেছেন কৃষাণীরা। কৃষক দৌড়াদৌড়ি করছেন কাচিতে ধার দিতে কামার পাড়ায়। ধান মাড়াই করা মেশিনে তেল মবিল মাখিয়ে সহজ করে নিচ্ছেন তার চাকা। কেউ বা নতুন মেশিনের জন্য ছুটছেন জেলা উপজেলা শহরে মেশিন তৈরির কারখানায়।
এর ফাঁকে রয়েছে পাটের জমিতে নিড়ানি দেয়া। অসময়ে ঘন বর্ষার কারণে কোন কোন জমিতে পাটের চারা অনেক ফাঁকা ফাঁকা হয়েছে। সেসব জমিতে আবার চাষ দিয়ে নতুন করে বোনা হবে পাটের বীজ। ধানের জমি পেরিয়ে সেখানে কলের লাঙল নিয়ে যাওয়া সম্ভব নয় দেখে হালের লাঙল দিয়েই চাষ করছেন তারা।
মাঠ ভরা ধান দেখে চোখ জুড়িয়ে যায়। চলতে পথে একজন চাষিকে এ বছর ধানের ফলন কেমন হতে পারে, প্রশ্ন করলে তিনি বললেন যতটা দেখা যাচ্ছে এতটা ভাল ফলন হবে না। কারণ, ধানের শীষ বের হয়ে আসার পরেও ধান পুষ্ট হতে সময় লাগে। যতদিন ধান পুষ্ট না হয়, ততদিন ধানের মাথায় ফুল থাকে। এ বছর ধানে ফুল থাকার সময় অনেক বাতাস ও ঝড় হয়েছে। এতে ধানের ফুল ঝরে গেছে। ফলে ধান এবার তেমন পুষ্ট হয়নি।

Comments