ধানের মূল্য হ্রাসে হতাশ হতদরিদ্র কৃষক

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
মাগুরা জেলার শালিখা উপজেলার এলাকাখ্যাত আড়পাড়া ধানের হাটে ধান বিক্রি করতে আসা হতদরিদ্র কৃষক ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় চরম হতাশাগ্রস্থ। এমনই কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, ‘ধান বেচে ঈদে  ছেলেমেয়েদের নতুন জামা কিনে, তাদের পরীক্ষার ফিস দিয়ে, সার ওষুধের টাকা দেয়া বোধ হয় সম্ভব হবে না।’ ধানের দাম এমন হবে, আগে জানলে ধান চাষ করতাম না।
উপজেলার বিভিন্ন এলাকায় ১৩,৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যা গেলবারের চেয়ে ১,০০০ হেক্টর বেশি। গেলবারের তুলনায় ধানের ফলন ভালো হলেও কৃষক পাচ্ছে না ন্যায্য মূল্য। কৃষকদের সাথে কথা বলে জানা যায় চাষাবাদ থেকে শুরু করে ১মন ধান গোলায় ওঠাতে ১,০০০ টাকা খরচ হয় যা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকা। অন্যদিকে ১ মণ ধানে মিলছে না একজন কৃষাণ। এ ব্যাপারে কৃষকরা স্থানীয় সিন্ডিকেট ব্যবসায়ীদের মূল্য হ্রাসের বড় কারণ বলে মনে করেন। অপরদিকে উপজেলা কৃষি কর্মকর্তা আলমঙ্গীর হোসেন বলেন, কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার না করা এবং বেহিসেবি খরচ করা এর অন্যতম কারণ।

Comments